কুড়িগ্রামে শিশু-নারী নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন: দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামে শিশু ও নারীদের ধর্ষণ, যৌন নির্যাতন এবং হত্যার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিশু ও নারীর জন্য একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রবিবার (২৪ মে ২০২৬) কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘সিএসও হাব কুড়িগ্রাম’-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

দিনব্যাপী আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (এনজিও), নাগরিক সমাজের প্রতিনিধি, মানবাধিকার কর্মী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে শিশু ও নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়ন, খুন এবং অপরাধীদের বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

‘রামিসা’ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও সমাজিক সচেতনতার আহ্বান

মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট (আফাদ)-এর নির্বাহী পরিচালক এবং কুড়িগ্রাম সিএসও হাব-এর সভাপতি সাইদা ইয়াসমিন। তিনি সাম্প্রতিক সময়ে দেশজুড়ে শিশু ও নারীর প্রতি সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সমাবেশে তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের মতো জঘন্য অপরাধ সমাজের মৌলিক মানবিক মূল্যবোধকে চরমভাবে ধ্বংস করছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তাকে অন্ধকারের মুখে ঠেলে দিচ্ছে। সম্প্রতি রামিসার মর্মান্তিক ও বর্বরোচিত পরিণতি আমাদের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা অনতিবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “শিশু ও নারীর জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হলে শুধু খাতায়-কলমে কঠোর আইন প্রণয়ন করলেই হবে না; সেই আইনের কার্যকর ও নিরপেক্ষ বাস্তবায়ন এবং অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সাথে সমাজের সকল স্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।”

সমাবেশে অন্যান্য বক্তারাও অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক আশ্রয়-প্রশ্রয় বন্ধ করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *