কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোখলেছুর রহমান (৪৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) গভীর রাতে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। তিনি ওই এলাকার মফিজুল হকের ছেলে এবং উলিপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

সন্ত্রাস বিরোধী আইনে মামলা

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া সেতুর ওপর আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে এবং লাঠিসোঁটা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে সড়কে অবস্থান করেন। এ ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি, যান চলাচলে বাধা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় মো. মোখলেছুর রহমানকে পলাতক আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক সোমবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *