‘আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ?’: রিমান্ড শুনানিতে দীপু মনি
আসাদুজ্জামান, ঢাকা।

দীপু মনিকে আজ সোমবার সকালে হাজতখানা থেকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশছবি : আসাদুজ্জামান।
বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক মন্ত্রী দীপু মনি আজ সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হন। সকাল সাড়ে ১০টার দিকে আদালতের হাজতখানা থেকে তাঁকে আদালতে আনা হয়। এ সময় তিনি মুখে মাস্ক, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে ছিলেন।
আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে আদালতের কাছে জানতে চান, “আমাদের কি মরিয়া প্রমাণ করতে হবে আমরা অসুস্থ?”
রাষ্ট্রপক্ষের রিমান্ড আবেদন
সকাল ১০টা ৩৫ মিনিটে বিচারক এজলাসে আসার পর রাষ্ট্রপক্ষ থেকে দীপু মনিকে ১০ দিন রিমান্ডে নেওয়ার পক্ষে যুক্তি দেওয়া শুরু হয়। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন।
- পিপির যুক্তি: পিপি বলেন, গত বছরের ৫ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কাছে হানিফ উড়ালসড়কের ঢালে মনির হোসেন নামের এক আন্দোলনকারীকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যা মামলার এজাহারনামীয় আসামি দীপু মনি। হত্যাকাণ্ডের জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।

দীপু মনিকে আজ সোমবার সকালে হাজতখানা থেকে আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ
ছবি : আসাদুজ্জামান।
দীপু মনি ও আইনজীবীর বক্তব্য
রাষ্ট্রপক্ষের বক্তব্য শেষ হলে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল রিমান্ডের বিরোধিতা করে বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে দীপু মনি কোনোভাবে জড়িত নন। তিনি গুরুতর অসুস্থ এবং তাঁকে আজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল, অথচ আনা হয়েছে আদালতে।
