প্রতিবেশী দেশগুলোয় ইন্টারনেট দিতে বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ চায় স্টারলিংক

ফাইল ছবি।
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক বাংলাদেশ থেকে ব্যান্ডউইডথ নিয়ে আশপাশের প্রতিবেশী দেশগুলোয় ইন্টারনেট সেবা দিতে আগ্রহী। এ বিষয়ে তারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) গত ১৩ আগস্ট একটি চিঠি দিয়েছে।
স্টারলিংকের প্রস্তাব ও চাহিদা
চিঠিতে স্টারলিংক বাংলাদেশকে পয়েন্ট অব প্রেজেন্স বা পপ (PoP) হিসেবে বিবেচনা করতে চেয়েছে। এই পপ ব্যবহার করে তারা আশপাশের পপ ও দেশগুলোয় ইন্টারনেট সেবা দিতে ব্যান্ডউইডথ নিতে চায়।
এর জন্য স্টারলিংক বাণিজ্যিকভাবে দুটি বিষয়ের অনুমোদন চেয়েছে:
ইন্টারন্যাশনাল প্রাইভেট লিজড সার্কিট (আইপিএলসি) ব্যবহার।
আনফিল্টারড আইপি (নিয়ন্ত্রণহীন ইন্টারনেট সংযোগ) ব্যবহার।
বাংলাদেশে গত মে মাসে স্টারলিংক বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করেছে। প্রতিবেশী দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ও ভুটানে স্টারলিংকের সেবা চালু আছে। এছাড়া ভারত ও নেপালে স্টারলিংকের সেবা চালুর অপেক্ষায় রয়েছে।
