শহিদুল আলমকে অপহরণ করল ইসরাইল: গাজাগামী ত্রাণবাহী জাহাজ আটক

ওয়ালিদ আহমেদ অলি:
খ্যাতনামা বাংলাদেশি আলোকচিত্রী, লেখক ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমকে ইসরাইলি বাহিনী আটক (কিংবা অপহরণ) করেছে। গাজাবাসীর জন্য মানবিক সহায়তা বহনকারী একটি নৌবহরের অংশ, ‘কনশানস’ নামের একটি জাহাজ থেকে তাকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করা হয়। বুধবার, ৮ অক্টোবর ২০২৫ সকালে এই ঘটনাটি ঘটে।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, গাজা অভিমুখে রওনা হওয়া সাংবাদিকদের একটি আন্তর্জাতিক নৌবহরকে ইসরাইলি সামরিক বাহিনী জোরপূর্বক আটকে দিয়েছে এবং জাহাজের দখল নিয়েছে। জানা গেছে, ‘কনশানস’ নামের এই জাহাজটিতে শহিদুল আলম ছাড়াও মোট ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক এবং অধিকারকর্মী ছিলেন। এই নৌবহরটি অবরুদ্ধ গাজার মানুষের জন্য জরুরি খাদ্য, পানি ও ওষুধ বহন করছিল।
আটকের কিছুক্ষণ আগে শহিদুল আলম নিজেই তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে।”
এই ঘটনার পরপরই বাংলাদেশসহ আন্তর্জাতিক মহল থেকে তীব্র উদ্বেগ ও নিন্দা জানানো হয়েছে। শহিদুল আলমসহ সকল আটককৃত মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে #FreeShahidulAlam হ্যাশট্যাগে প্রতিবাদ অব্যাহত রয়েছে।
বর্তমানে, আটককৃতদের অবস্থান বা তাদের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের কাছ থেকে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
