নাগেশ্বরীতে ২০০ দুঃস্থ পরিবারের মাঝে মাংস বিতরণ, ‘নুনখাওয়া সংস্কার মঞ্চ’-এর আত্মপ্রকাশ
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে এলাকার একঝাঁক উদ্যমী তরুণ ও ব্যবসায়ী। গতকাল শনিবার (৩০ মে ২০২৬) বিকেলে নুনখাওয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক মানবিক কর্মসূচির মাধ্যমে এলাকার ২০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।
একই অনুষ্ঠানে মাংস বিতরণের পাশাপাশি এলাকার শিক্ষিত তরুণ, যুবক ও ব্যবসায়ীদের সম্মিলিত উদ্যোগে গঠিত সম্পূর্ণ অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন ‘নুনখাওয়া ইউনিয়ন সংস্কার মঞ্চ’-এর আনুষ্ঠানিক নাম আত্মপ্রকাশ করা হয়।
যুবসমাজই পারে সমাজকে নতুন করে সাজাতে: প্রধান অতিথি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম। নতুন এই মানবিক সংগঠনের পথচলাকে স্বাগত জানিয়ে তিনি তাঁর বক্তব্যে বলেন,
“তারুণ্যের শক্তিই একটি উন্নত সমাজ গঠনের মূল চাবিকাঠি। আপনারা যুবক ও শিক্ষিত সমাজই পারেন আমাদের চেনা সমাজটিকে নতুনভাবে ও সুন্দর করে সাজাতে। সুতরাং, আপনাদের এই সততা ও নিষ্ঠার মাধ্যমে নুনখাওয়া ইউনিয়নের অবহেলিত, অসহায় ও দুস্থ মানুষজন স্বস্তির সেবা পাবে এবং উপকৃত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
উপস্থিত সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ
নুনখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- গোলাম রসুল রাজা, আহ্বায়ক, নাগেশ্বরী উপজেলা বিএনপি।
- আব্দুল মান্নান, আমীর, নাগেশ্বরী উপজেলা জামায়াতে ইসলামী।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুল হক খন্দকার, নুনখাওয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাজুল ইসলাম, নুনখাওয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হক জিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শাহজালাল হক মোল্লা এবং নুনখাওয়া ইউনিয়নের মুসলিম বিবাহ ও নিকাহ রেজিস্ট্রার (কাজী) মোসলেম উদ্দিন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন নুনখাওয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মতিন।
সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য
উদ্যোক্তারা জানান, অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই ‘নুনখাওয়া ইউনিয়ন সংস্কার মঞ্চ’-এর মূল লক্ষ্য। এলাকার কোনো মানুষ যেন মৌলিক অধিকার ও আপদকালীন সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে এই সংগঠনের তরুণ ও ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। পবিত্র ঈদের আনন্দের অংশ হিসেবে মাংস পেয়ে এলাকার শত শত দরিদ্র মানুষের মুখে এ সময় হাসির ঝিলিক দেখা যায়।
