জ্বালানির দাম সহনীয় রাখতে বাস্তবসম্মত পরিকল্পনার তাগিদ, বিপিসির ব্যাখ্যা তলব

​দৈনিক জাহান ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।ছবি: বাসস

সাধারণ মানুষের জন্য জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়নের তাগিদ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সাথে দেশের বর্তমান জ্বালানি চাহিদা, মজুত সক্ষমতা এবং অতীতে সরবরাহ অপরিবর্তিত থাকা সত্ত্বেও কেবল দাম বাড়িয়ে কীভাবে তেলের সংকটের অবসান ঘটানো হয়েছিল—সে বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

​আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব সুপারিশ ও সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

​জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

​বৈঠকে দেশের সার্বিক জ্বালানি খাতের বর্তমান চিত্র পর্যালোচনা করা হয়। স্থায়ী কমিটি থেকে পরবর্তী বৈঠকে দেশের বিদ্যমান জ্বালানি চাহিদা, পেট্রোলিয়াম পদার্থ সংরক্ষণের বর্তমান সক্ষমতা এবং ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় বিপিসির সামগ্রিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রতিবেদন আকারে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে।

​দাম বাড়িয়ে সংকট দূর করার রহস্য নিয়ে প্রশ্ন

​বৈঠকের মূল আলোচনায় ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। বিভিন্ন সময়ে জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মূল্য সমন্বয়ের পেছনের কারণ এবং এতে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল পিএলসি-র ভূমিকা নিয়ে বিশদ আলোচনা হয়।

​বিশেষ করে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যে জ্বালানি সংকট দেখা দিয়েছিল—তখন সরবরাহ ব্যবস্থা সংকটকালীন ও পরবর্তীতে একই থাকা সত্ত্বেও শুধুমাত্র দাম বাড়িয়ে কীভাবে রাতের খেলায় সংকটের অবসান ঘটানো হলো, বিপিসির কাছে তার সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি।

​বৈঠকে অংশগ্রহণকারীরা

​উদ্বোধনী এই বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিঞা নুরুদ্দিন আহমেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ নাজিবুর রহমান উপস্থিত ছিলেন।

​এছাড়া আলোচনায় অংশ নেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা।