৩৩ বছর পর একমঞ্চে সহপাঠীরা; ফুলবাড়ীতে এসএসসি ৯৩ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

দীর্ঘ ৩৩ বছরের অপেক্ষা শেষে পুরোনো বন্ধুদের কাছে পেয়ে আনন্দ, উচ্ছ্বাস ও আবেগঘন পরিবেশে মুখরিত হয়ে উঠেছে কুড়িগ্রামের ফুলবাড়ী। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেখানে উদযাপিত হয়েছে এসএসসি ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব।
আজ শনিবার (৮ আগস্ট) দিনব্যাপী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ‘ফয়নুর গ্রীন পল্লী রিসোর্ট সেন্টারে’ জাকজমকপূর্ণভাবে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্মৃতিচারণ ও বাঁধভাঙা উচ্ছ্বাস
দীর্ঘ তিন দশক পর শৈশব-কৈশোরের বাঁধভাঙা দিনগুলোর স্মৃতি রোমন্থন করতে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন সাবেক শিক্ষার্থীরা। একে অপরের সাথে কুশল বিনিময়, পরিচিতি পর্ব এবং পুরোনো দিনের আড্ডায় মেতে ওঠেন তাঁরা। হারিয়ে যাওয়া স্কুলজীবনের নানা স্মৃতি মনে করে অনেকেই আবেগঘন বক্তব্য প্রদান করেন।
পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা অনুভূতি ব্যক্ত করে বলেন—
”জীবনের তাগিদে ও কর্মসংস্থানের প্রয়োজনে আমরা যে যেখানেই ছড়িয়ে-ছিটিয়ে থাকি না কেন, স্কুলজীবনের সখ্য ও খাঁটি বন্ধন কখনোই মুছে যায় না। এই ধরনের মেলবন্ধন আমাদের পুরোনো স্মৃতিকে যেমন জীবন্ত করে তোলে, তেমনি আত্মিক টানকে আরও সুদৃঢ় করে।”
সাংস্কৃতিক আয়োজন ও পুরস্কার বিতরণ
দিনব্যাপী এই আয়োজনে সহপাঠীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এক চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পুরো পরিবেশকে আরও বেশি আনন্দময় ও প্রাণবন্ত করে তোলে। আলোচনা সভা শেষে নিবন্ধিত সাবেক শিক্ষার্থীদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
পরবর্তীতে আকর্ষনীয় রেফেল ড্রয়ের আয়োজন করা হয় এবং বিজয়ী ২০ জন নিবন্ধনকারীর হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়।
ভবিষ্যতেও প্রতিবছর নিয়মিতভাবে এ ধরনের পুনর্মিলনী আয়োজন করার পাশাপাশি জীবনের প্রতিটি ধাপে একে অপরের পাশে থেকে বন্ধুত্ব অটুট রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীরা।
