২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা
শিক্ষা ডেস্ক

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদের জন্য এই পরীক্ষা ২০২৫ সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী নেওয়া হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)-এর এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে বলা হয়:
- ২০২৫ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষা এনসিটিবি কর্তৃক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আলোকে অনুষ্ঠিত হয়েছিল।
- ২০২৬ সালের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষায় অনিয়মিত/মানোন্নয়ন হিসেবে যেসব পরীক্ষার্থী অংশগ্রহণ করবে, তাদের পরীক্ষা ২০২৫ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান এবং আলিম পরীক্ষার জন্য ইতিপূর্বে এনসিটিবি কর্তৃক পাঠানো পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অনুষ্ঠিত হবে।
সব শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
