শিরোপা উদ্‌যাপনে পদদলিত হয়ে ১১ জন নিহতের ঘটনায় মুখ খুললেন কোহলি

বিরাট কোহলি। বিসিসিআই

খেলা ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ১৪

গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম আইপিএলে শিরোপা জয় উদ্‌যাপনে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিশৃঙ্খলায় পদদলিত হয়ে ১১ জন মারা যান। আহত হন ৭৫ জন। ৩ মাস পর এই ঘটনা নিয়ে মুখ খুললেন বেঙ্গালুরুর সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি।

সর্বশেষ আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবারের মতো এই টুর্নামেন্টের শিরোপা জেতে বেঙ্গালুরু। পরের দিন চিন্নাস্বামী স্টেডিয়ামে বেঙ্গালুরুর সমর্থকেরা শিরোপা জয় উদ্‌যাপনের জন্য সমবেত হন।

তবে ফ্র্যাঞ্চাইজিটি এসব করে স্থানীয় পুলিশের অনুমতি না নিয়ে। সেদিন বেঙ্গালুরু শহরের বিধান সৌধ থেকে ‘ভিক্টরি প্যারেড’ করতে করতেই চিন্নাস্বামী স্টেডিয়ামে পৌঁছান কোহলি, রজত পাতিদার, ক্রুনাল পান্ডিয়া, ফিল সল্টরা।

ওই দিন সকালেই ফ্র্যাঞ্চাইজিটি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজগুলোতে কোহলিকে দিয়ে প্রচার চালায়। ভিডিও পোস্টে কোহলি ভক্ত-সমর্থকদের শিরোপা–উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। ফলে স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা কয়েক গুণ বেশি মানুষ সেখানে আসেন। এই দুর্ঘটনায় ফ্র্যাঞ্চাইজিকেই দায়ী করেছিল ভারতের কর্ণাটক রাজ্য সরকার। এত কিছু হয়ে গেলেও কোহলি কিছুই বলেননি।

গতকাল বেঙ্গালুরুর ওয়েবসাইটে প্রকাশিত একটি বার্তায় কোহলি বলেছেন, ‘জীবনে কোনো কিছুই ৪ জুনের মতো হৃদয়বিদারক ঘটনার মুখোমুখি হতে আমাদের প্রস্তুত করতে পারে না। যে মুহূর্তটা আমাদের দলের ইতিহাসে সবচেয়ে আনন্দের হওয়ার কথা ছিল, সেটি একটি ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। যাঁরা আমাদের ছেড়ে চলে গেছেন, তাঁদের পরিবার এবং আহত ভক্তদের জন্য আমি প্রার্থনা করছি। আপনাদের এই অপূরণীয় ক্ষতি এখন আমাদের গল্পের অংশ।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *