দেশে সোনার সর্বোচ্চ দামের রেকর্ড

সোনাছবি: ফ্রিপিক ডটকম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ২২: ১৭

দুই দিনের মাথায় আবার বেড়েছে সোনার দাম। তবে এবার সোনার দর দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এ দফায় প্রতি ভরিতে দাম বাড়ছে ৩ হাজার ৪৪৪ টাকা। এতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়। নতুন এই দর সারা দেশে আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম সমন্বয়ের এ সিদ্ধান্ত জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বেড়েছে। এ জন্য সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে সর্বশেষ গত ১ সেপ্টেম্বরে সোনার দাম ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বেড়েছিল। আর চলতি বছরের ২৩ এপ্রিল প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম বেড়ে উঠেছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকায়। দেশের বাজারে সেটিই ছিল এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট মানের সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।

দেশের বাজারে আজ পর্যন্ত প্রতি ভরি হলমার্ক করা ২২ ক্যারেট সোনা ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ১৯ হাজার ৪৩ টাকায় বিক্রি হয়েছে।

সেই হিসাবে আগামীকাল বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেট সোনায় ৩ হাজার ৪৪৪ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ৯০৫ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৪৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ২ হাজার ১২৩ টাকা দাম বাড়বে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *