মাদারগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, মরদেহ মর্গে
আনিছুর রহমান আইয়ুব, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভায় বিপ্লব ঘোষ (৩৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত বিপ্লব ঘোষ মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী ঘোষপাড়া এলাকার মৃত সুশীল ঘোষের ছেলে।
পারিবারিক সূত্রে দাবি করা হয়েছে, বিপ্লব ঘোষের মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে। তবে স্থানীয়দের মধ্যে এই মৃত্যুকে ঘিরে নানামুখী গুঞ্জন ও রহস্যের সৃষ্টি হয়েছে। এলাকার কারো কারো ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বিপ্লব ঘোষ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
খবর পেয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য মাদারগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন মরদেহটি ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই বিপ্লব ঘোষের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
