সুলতান আহম্মেদ, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে লোডশেডিংয়ের সুযোগ নিয়ে বিগত দুই মাসে পল্লী বিদ্যুৎ সমিতির ২৬টি বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরির সাথে জড়িত একটি সংঘবদ্ধ চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আসামীদের বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত আসামীদের পরিচয়
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তারকৃত ৫ জনের মধ্যে ৪ জনই উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের নাদাগাড়ী গ্রামের বাসিন্দা। তারা হলেন— অবিনুর, সেলিম, সুমন ও নুরু মিয়া।
অপর গ্রেপ্তারকৃত আসামী রাসেল মিয়া মাদারগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড গাবেরগ্রামের বাসিন্দা। তিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।
কৃষকদের তীব্র ভোগান্তি ও তদন্তে সাফল্য
পল্লী বিদ্যুৎ সমিতি ও ভুক্তভোগী গ্রাহকদের সাথে কথা বলে জানা যায়, গত দুই মাস ধরে এলাকায় লোডশেডিং চলাকালীন সুযোগ বুঝে একের পর এক সেচ পাম্প ও লাইনের বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করে আসছিল চোরচক্রটি। স্বল্প সময়ের ব্যবধানে ২৬টি ট্রান্সফর্মার চুরি হওয়ায় সাধারণ বিদ্যুৎ গ্রাহক এবং বিশেষ করে চলতি মৌসুমে সেচযন্ত্র ব্যবহারকারী কৃষকেরা চরম ভোগান্তিতে পড়েন।
এ ঘটনায় মাদারগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অবশেষে চোরচক্রটিকে চিহ্নিত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওসির বক্তব্য ও ৭ দিনের রিমান্ড আবেদন
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান—
”প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামীরা ট্রান্সফর্মার চুরির সাথে সরাসরি সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের তথ্য অনুযায়ী চুরির কাজে ব্যবহৃত কাটাকুটার, রশি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই চক্রের মূল হোতাকে খুঁজে বের করতে এবং চুরির সাথে আর কে কে জড়িত রয়েছে তা উদঘাটনের উদ্দেশ্যে আসামীদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।”