ময়মনসিংহে সমাজসেবার দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় মৌলিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ময়মনসিংহ জেলা সমাজসেবা কমপ্লেক্স সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষণার্থীদের হাতে চেক তুলে দেন ময়মনসিংহ সদর (ময়মনসিংহ-৪) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শামছুন নাহার।
অনুষ্ঠানে স্বাগত ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহর সমাজসেবা কার্যালয়ের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সমাজসেবা অফিসার ও অধ্যক্ষ তাহমিনা নাসরিন।
২৫ জনকে অনুদানের চেক প্রদান
অনগ্রসর জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক অবস্থান জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণ শেষে অনুষ্ঠানে মোট ২৫ জন প্রশিক্ষণার্থী ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধির মাঝে ৫০ হাজার টাকা করে অনুদানের আর্থিক সহায়তার চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সমাজসেবা দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
