ময়মনসিংহে ‘নৌযান শুমারি-২০২৬’ বিষয়ক বিভাগীয় অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

ময়মনসিংহ

রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ‘নৌযান শুমারি-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

​আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা পরিষদ সম্মেলন কক্ষে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান কার্যালয়ের (বিবিএস) যৌথ উদ্যোগে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।

শুমারির সময়সূচি ও ময়মনসিংহ বিভাগের চিত্র

​সেমিনারে জানানো হয়, আগামী ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ১০ দিনব্যাপী সারা দেশে একযোগে ‘নৌযান শুমারি-২০২৬’ পরিচালিত হবে। এ শুমারিতে দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সকল প্রকার ইঞ্জিনচালিত নৌযান (যেমন: ইঞ্জিনচালিত নৌকা, ড্রেজার ইত্যাদি) গণনা করা হবে।

​সেমিনারে উপস্থাপিত মূল তথ্য অনুযায়ী, ময়মনসিংহ বিভাগে বর্তমানে মোট ৮ হাজার ৭৯০টি ইঞ্জিনচালিত নৌযান রয়েছে। এর মধ্যে ঘাটভিত্তিক নৌযান ২ হাজার ৫৫০টি এবং খানাভিত্তিক নৌযানের সংখ্যা ৬ হাজার ২৪০টি। এই শুমারির মাধ্যমে নৌযানের সঠিক সংখ্যা, ধরন ও কাঠামোগত বৈশিষ্ট্য নথিভুক্ত হবে, যা নৌপথের আধুনিকায়ন, নৌ-দুর্ঘটনা হ্রাস এবং দক্ষ নাবিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্য ও আহ্বান

​সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। নৌপথের নিরাপত্তা ও শুমারির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন—

​”নৌপথে দুর্ঘটনা, ডাকাতি ও দস্যুতা ঠেকাতে নৌযান শুমারি ও নিবন্ধনের বিকল্প নেই। সড়কপথের যানবাহনের মতো ডিজিটাল রেজিস্ট্রেশন নম্বর থাকলে অপরাধীরা অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে ভয় পাবে। এছাড়া নিবন্ধিত নৌযান থাকলে ভবিষ্যতে কোনো নৌ-দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হবে। তাই নৌযান মালিকদের সঠিক তথ্য প্রদান করে এ শুমারিতে সহায়তার আহ্বান জানাচ্ছি।”

উপস্থিত অতিথিবৃন্দ

​ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজাদ জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক ফিরোজ ইবনে ইউসুফ

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন র‍েঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সালাউদ্দিন তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:

  • ডাঃ প্রদীপ কুমার সাহা — বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)।
  • মোঃ সাইফুর রহমান — জেলা প্রশাসক, ময়মনসিংহ।
  • রেজা মো: গোলাম মাসুম প্রধান — অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।

​সেমিনারে বিভাগীয় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *