রাশেদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া ‘নৌযান শুমারি-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ের সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা পরিষদ সম্মেলন কক্ষে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান কার্যালয়ের (বিবিএস) যৌথ উদ্যোগে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
শুমারির সময়সূচি ও ময়মনসিংহ বিভাগের চিত্র
সেমিনারে জানানো হয়, আগামী ২০ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত ১০ দিনব্যাপী সারা দেশে একযোগে ‘নৌযান শুমারি-২০২৬’ পরিচালিত হবে। এ শুমারিতে দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সকল প্রকার ইঞ্জিনচালিত নৌযান (যেমন: ইঞ্জিনচালিত নৌকা, ড্রেজার ইত্যাদি) গণনা করা হবে।
সেমিনারে উপস্থাপিত মূল তথ্য অনুযায়ী, ময়মনসিংহ বিভাগে বর্তমানে মোট ৮ হাজার ৭৯০টি ইঞ্জিনচালিত নৌযান রয়েছে। এর মধ্যে ঘাটভিত্তিক নৌযান ২ হাজার ৫৫০টি এবং খানাভিত্তিক নৌযানের সংখ্যা ৬ হাজার ২৪০টি। এই শুমারির মাধ্যমে নৌযানের সঠিক সংখ্যা, ধরন ও কাঠামোগত বৈশিষ্ট্য নথিভুক্ত হবে, যা নৌপথের আধুনিকায়ন, নৌ-দুর্ঘটনা হ্রাস এবং দক্ষ নাবিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্য ও আহ্বান
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। নৌপথের নিরাপত্তা ও শুমারির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন—
”নৌপথে দুর্ঘটনা, ডাকাতি ও দস্যুতা ঠেকাতে নৌযান শুমারি ও নিবন্ধনের বিকল্প নেই। সড়কপথের যানবাহনের মতো ডিজিটাল রেজিস্ট্রেশন নম্বর থাকলে অপরাধীরা অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে ভয় পাবে। এছাড়া নিবন্ধিত নৌযান থাকলে ভবিষ্যতে কোনো নৌ-দুর্ঘটনা ঘটলে ক্ষতিগ্রস্তদের সরকারি আর্থিক সহায়তা দেওয়া সম্ভব হবে। তাই নৌযান মালিকদের সঠিক তথ্য প্রদান করে এ শুমারিতে সহায়তার আহ্বান জানাচ্ছি।”
উপস্থিত অতিথিবৃন্দ
ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজাদ জাহান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ময়মনসিংহ বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক ফিরোজ ইবনে ইউসুফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) সালাউদ্দিন তালুকদার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
- ডাঃ প্রদীপ কুমার সাহা — বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)।
- মোঃ সাইফুর রহমান — জেলা প্রশাসক, ময়মনসিংহ।
- রেজা মো: গোলাম মাসুম প্রধান — অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
সেমিনারে বিভাগীয় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
