ফুলবাড়ীতে হাইকোর্টের স্থিতি আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা; সংঘর্ষে নারীসহ আহত ৩
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহামান্য হাইকোর্টের দেওয়া স্থিতি আদেশের (Status Quo) নিষেধাজ্ঞা অমান্য করে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মারমুখী সংঘর্ষে নারীসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনায় ভুক্তভোগী পক্ষের পক্ষ থেকে ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আইনি বিরোধ ও জমির পটভূমি
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুরের মাঠের পাড় এলাকার মৃত ফজর আলীর ওয়ারিশদের পৈত্রিক সুত্রে প্রাপ্ত ১ একর ২৭ শতাংশ জমি (অনন্তপুর মৌজার ১৪৬/১ খতিয়ান, ৩৭১০ দাগ) নিয়ে দীর্ঘদিন ধরে একই এলাকার আব্দুল খালেক গংদের বিরোধ চলছিল।
ফজর আলী উক্ত জমি ভোগদখলকালে ভুলবশত তা সোনাউল্লা ও হোসেন আলীর নামে রেকর্ডভুক্ত হয়। পরবর্তীতে রেকর্ড সংশোধনের জন্য ২০১৬ সালে বিজ্ঞ কুড়িগ্রাম জেলা জজ আদালতে মামলা (মামলা নং ১৭৭/২০১৬) দায়ের করেন ফজর আলী। দীর্ঘ শুনানি শেষে গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে বিজ্ঞ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ফজর আলীর পক্ষে রায় ঘোষণা করেন।
রায়ের পর ফজর আলীর ওয়ারিশগণ জমিতে ভোগদখল ও চাষাবাদ অব্যাহত রাখলে বিবাদী পক্ষ মোজাম্মেল হক গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে মহামান্য হাইকোর্টে সিভিল রিভিশন (মামলা নং ২১/২০২৬) দায়ের করেন। বিজ্ঞ হাইকোর্ট উক্ত জমির ওপর স্থিতি আদেশ (Status Quo) জারি করেন।
আদালতের আদেশ অমান্য ও সংঘর্ষ
হাইকোর্টের স্থিতি আদেশ বলবৎ থাকা অবস্থায় গত ২৪ জুলাই (শুক্রবার) দুপুরে আব্দুল খালেকের নেতৃত্বে একদল লোক বেআইনিভাবে সংঘবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উক্ত বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ করতে যায়।
এ সময় মৃত ফজর আলীর ছেলে আবু জের গফ্ফারী, জায়দুল হক এবং মেয়ে মর্জিনা খাতুন বাধা দিলে প্রতিপক্ষ তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় নারীসহ তিনজন বেধড়ক মারধর ও শ্লীলতাহানির শিকার হয়ে আহত হন।
উভয় পক্ষ ও পুলিশের বক্তব্য
হামলা ও দখলের বিষয়ে বিবাদী পক্ষের আব্দুল খালেক, বেলাল হোসেন ও জোবাইদুল হক জানান—
”আমরা রেকর্ড অনুযায়ী জমিতে হালচাষ করছি। আইনানুযায়ী তারা যদি জমি পায়, তবে আমরা জমি ছেড়ে দেব।”
অন্যদিকে বাদীপক্ষের আবু জের গফ্ফারী বলেন—
”আমরা পৈত্রিক সূত্রে জমির প্রকৃত মালিক এবং আমাদের পক্ষে আদালতের সুস্পষ্ট রায় রয়েছে। প্রতিপক্ষ আদালতের নির্দেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে জমি দখল করতে এসেছে এবং আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এর বিচার চাই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার সাব-ইনস্পেক্টর (এসআই) ইয়াসিন আলী জানান—
”অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
