ফসলি জমির মাটি কাটার দায়ে চালকের জরিমানা; নিয়মিত মামলার নির্দেশ
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই ঝটিকা অভিযান চালানো হয়।
মধ্যরাতে অভিযান, পালিয়েছেন মাটি ব্যবসায়ীরা
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে মাটি কাটার কাজে নিয়োজিত ভেকু মেশিন রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মাটি ব্যবসায়ীরা। ফসলি জমি থেকে মাটি কাটার গভীরতা ও ক্ষতির পরিমাণ দেখে ক্ষোভ প্রকাশ করেন ইউএনও।

মামলা ও ২০ হাজার টাকা জরিমানা
অভিযান চলাকালে মাটি বহনের কাজে নিয়োজিত একটি পিকআপ জব্দ করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ মোতাবেক লাইসেন্স ও ফিটনেস ব্যতীত পরিবেশ দূষণকারী গাড়ি চালানোর অপরাধে চালক মনজুর আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িত সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন ইউএনও। বর্তমানে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্ট খবর:কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি কাটা বন্ধে অভিযান; বেগমগঞ্জে জরিমানা ৮০ হাজার টাকা
অভিযান অব্যাহত রাখার ঘোষণা
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে নিয়মিত মামলা ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে ইউএনও মুহসিয়া তাবাসসুম বলেন, “ফসলি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
