পীরগঞ্জে পুলিশের সফল অভিযান: ১০০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি বাবু গ্রেফতার

মোস্তাফিজুর রহমান রুছেল (এম,এ), পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মোকলেছুর রহমান ওরফে বাবু (৪৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। আজ মঙ্গলবার (২ জুন ২০২৬) সকাল ৯টা ৫ মিনিটের দিকে উপজেলার ৮নং রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোকলেছুর রহমান বাবু পীরগঞ্জ উপজেলার দাড়িকামারি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে ধাওয়া করে আটক

পীরগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে থানা পুলিশের একটি চৌকস টিম পীরগঞ্জ থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী ও বিশেষ আইন-শৃঙ্খলা রক্ষা অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ফলির বিল বাজারস্থ জনৈক মকবুল মণ্ডলের (৬০) চায়ের দোকানের সামনে পীরগঞ্জ থেকে খালাসপীরগামী পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচা চলছে।

খবর পাওয়া মাত্রই পুলিশের টিমটি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চতুর মাদক কারবারি বাবু কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে অভিযানে থাকা সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চারদিক থেকে ঘেরাও করে তাকে মহাসড়কের ওপরই হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে ১ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মামলা রুজু ও আদালতে প্রেরণের প্রস্তুতি

পীরগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

“মাদকের মরণছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে জেলা পুলিশের নির্দেশনায় আমাদের এই জিরো টলারেন্স অভিযান। ১ হাজার পিস ইয়াবাসহ আটক বাবুর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আজই দুপুরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পীরগঞ্জকে মাদক মুক্ত করতে পুলিশের এই কঠোর ও ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।” —পীরগঞ্জ থানা পুলিশ প্রশাসন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *