নোবিপ্রবির মেগা প্রকল্প সেনাবাহিনীর তত্ত্বাবধানে চায় ৯৮ শতাংশ শিক্ষার্থী
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একাডেমিক ভবন-৩ এর অবশিষ্ট অংশ নির্মাণ প্রকল্পসহ ৩৩৪ কোটি ৪৬ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার দাবি করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সম্প্রতি নোবিপ্রবি সাংবাদিক সমিতির দুই দিনব্যাপী এক অনলাইন জরিপে এই তথ্য উঠে আসে। জরিপে ৯৮ শতাংশ শিক্ষার্থী চায় নোবিপ্রবির মেগা প্রকল্পের কাজ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে। শিক্ষার্থীরা মনে করছে, সেনাবাহিনীকে হস্তান্তরের মাধ্যমে প্রকল্পের কাজ সঠিক সময়ে শেষ হবে এবং কাজও মানসম্পন্ন হবে।
এর আগে গত ১ ডিসেম্বর নোবিপ্রবির অসম্পূর্ণ একাডেমিক ভবন সম্পূর্ণ করাসহ মোট ১১টি প্রকল্পে ৩৩৪ কোটি ৪৬ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের বাজেট অনুমোদন দেয় একনেক।
প্রকল্পের ইতিহাস ও দুর্নীতির অভিযোগ
- বিলম্ব: খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের এপ্রিলে নোবিপ্রবির ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবন-৩ এর নির্মাণকাজের দরপত্র আহ্বান করা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে জি কে শামীমের সুপারিশে কাজটি নেয় জি কে স্বপনের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু নির্দিষ্ট সময় পার হলেও তিন তলা পর্যন্ত আংশিকভাবে কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরবর্তীতে জি কে শামীমের বিরুদ্ধে তৎকালীন সরকার দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করলে প্রকল্প থেকে জি কে স্বপনের প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়। ফলশ্রতিতে দীর্ঘ মেয়াদিভাবে একাডেমিক ভবন-৩ এর নির্মাণকাজ আটকে যায়।
- বরাদ্দ: বিশ্ববিদ্যালয়ের ডিপিডি দপ্তর সূত্র জানায়, বরাদ্দকৃত ৩৩৪ কোটি ৪৬ লক্ষ টাকার মধ্যে সবচেয়ে বড় অংশ ব্যয় হবে একাডেমিক ভবন-৩ নির্মাণে, যার জন্য নির্ধারণ করা হয়েছে ১৫২ কোটি ৬৩ লাখ টাকা। এছাড়া বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ে ১১৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।
শিক্ষার্থী ও কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
দীর্ঘদিন পর প্রকল্পের বাজেট পাশ হওয়ার সংবাদে নোবিপ্রবিতে আনন্দের জোয়ার দেখা যায়। তবে এই মেগা প্রকল্পের কাজ সেনাবাহিনীকে দিতে দাবি তোলেন শিক্ষার্থীরা।
- শিক্ষার্থীর দাবি: জিহাদুল ইসলাম রাফি নামে এক শিক্ষার্থী বলেন, “এই পাশ হওয়ার মাধ্যমেই রক্তচোষা ধান্দাবাজদের কূটবুদ্ধি আর দুর্নীতির পথ যেনো সুগম না হয়। বিগ বাজেটের একটি প্রকল্প হওয়ায় প্রশাসন এবং কর্তৃপক্ষের আশপাশে ঘুরঘুর করতে থাকা আবর্জনাগুলো যেনো বিন্দুমাত্র নয়ছয় করার সাহস না দেখায়। সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে এবং একটি দাবিতে আমাদের সোচ্চার হতে হবে এবং আর্মির হাতে কাজ দিতে হবে। এতে করে কাজ যেমন দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে, তেমনি দুর্নীতি, ধান্দাবাজি, বাটপারি এসব সর্বোচ্চ মাত্রায় কমানো যাবে বলে মনে করি।”
- নিশাদ আহমেদ নামে আরেক শিক্ষার্থী বলেন, “আমরা চাই, রাজনৈতিক পটপরিবর্তনসহ আর কোনো কিছুর বলি যেন এই প্রকল্প না হয়। অতএব, কাজটি সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হোক এবং সঠিক পরিদর্শনের মাধ্যমে যথাসময়ে কাজটি শেষ করা হোক।”
- উপ-উপাচার্যের বক্তব্য: এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ রেজওয়ানুল হক বলেন, “আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে, এই জন্য যা করার প্রয়োজন আমরা তাই করবো। সেনাবাহিনীকে কাজ দেওয়ার বিষয়ে আমরাও একমত।“
- উপাচার্যের বক্তব্য: নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, “তার আগে এখনো কিছু প্রক্রিয়া বাকি। যখন ঠিকাদারের বিষয় আসবে তখন সিদ্ধান্ত নেওয়া হবে কাজটি কিভাবে করা হবে। আমরা চাচ্ছি কাজটি দ্রুত শুরু করতে। এক্ষেত্রে শিক্ষার্থীদের দাবি অবশ্যই গুরুত্বপূর্ণ।”
