জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

প্রায় পাঁচ বছর পর দলের প্রতিষ্ঠাতার সমাধিতে সাবেক প্রধানমন্ত্রী

ওয়ালিদ আহমেদ অলি:

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার (৮ অক্টোবর) রাত ১১টায় তিনি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের মাজারে যান।

দীর্ঘদিন পর বেগম জিয়ার এই মাজার জিয়ারতের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, খালেদা জিয়া তাঁর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রওয়ানা হয়ে মাজারে যান।

জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি গাড়ি থেকে নামেননি। শায়রুল কবির খানের তথ্য মতে, খালেদা জিয়া গাড়ির মধ্যেই বসে পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত করেন।

বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানান, রাত ১১টার দিকে মাজারে কোরআন তেলাওয়াত শেষে প্রায় ১১টা ১৫ মিনিটের দিকেই তিনি আবার তাঁর বাসভবন ‘ফিরোজায়’ ফিরে যান।

উল্লেখ্য, খালেদা জিয়া অসুস্থতা নিয়ে প্রায় পাঁচ বছর ধরে বাসভবনে অবস্থান করছেন। তিনি সর্বশেষ ২০১৮ সালে কারাবন্দী হওয়ার আগে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে গিয়েছিলেন খালেদা জিয়া।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *