খালেদা জিয়ার মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজে-র গভীর শোক প্রকাশ
ইকবাল মজুমদার তৌহিদ
দপ্তর সম্পাদক
ডিইউজে

বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের ‘আপসহীন নেত্রী’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন:
“গণতন্ত্রের মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা জাতির মতো আমরাও শোকাহত ও বাকরুদ্ধ। জাতি আজ একজন সুযোগ্য অভিভাবককে হারিয়েছে, যার অভাব কখনও পূরণ হবার নয়। তিনি আমৃত্যু দেশ ও জাতির কল্যাণে যে ঐতিহাসিক ভূমিকা রেখে গেছেন, তা জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
সাংবাদিক নেতারা আরও উল্লেখ করেন যে, বিশেষ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার নিরলস সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক-নির্দেশনা দেবে। বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অসামান্য অবদান অম্লান হয়ে থাকবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
