ইটবোঝাই ট্রলি উল্টে চালকের মৃত্যু

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে আতাউর রহমান (২৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার ধরলা ব্রিজের পশ্চিম পাড়ে, লালমনিরহাট সীমান্ত সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিবরণ

নিহত আতাউর রহমান নাগেশ্বরী উপজেলার গাগলা মন্ডলটারী এলাকার আজিজল হকের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আতাউর ইটবোঝাই ট্রলি নিয়ে লালমনিরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে ধরলা ব্রিজ পার হয়ে কিছুদূর যাওয়ার পর হঠাৎ ট্রলির সামনের চাকার একটি অংশ ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রলিটি উল্টে গিয়ে তাঁর ওপরই পড়ে।

উদ্ধার ও চিকিৎসকের বক্তব্য

দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আতাউরকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

পুলিশের পদক্ষেপ

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলিটি নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *