খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ সদস্যরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন।

আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে তাঁরা হাসপাতালে পৌঁছান। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান

ভিভিআইপি ঘোষণা ও কারণ

এর আগে সকালে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানায়, আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সভায় খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট বেড়ে যায়।

২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং সঙ্গে আরও কিছু জটিলতা রয়েছে। গত কয়েক দিনে তার অবস্থার অবনতি হলে তাকে প্রথমে এইচডিইউতে এবং পরে রোববার ভোরে সেখান থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *