কুড়িগ্রামে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নারী-এ্যাসোসিয়েট ফর রিভাইভাল এন্ড ইনিশিয়েটিভ’ (নারী)-এর উদ্যোগে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’ (CJRF) আর্থিক এবং ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’ কারিগরি সহযোগিতা প্রদান করে।
উপস্থিত বক্তা ও নেতৃবৃন্দ
মানববন্ধনে জলবায়ু কর্মী, পরিবেশবাদী ও সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন:
- ফরিদা ইয়াসমীন — নির্বাহী পরিচালক, নারী (NARI)।
- এম রশিদ আলী — চেয়ারম্যান, গ্রীন ভিলেজ ফাউন্ডেশন ও আহ্বায়ক, কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক।
- রবিউল ইসলাম — প্রকল্প সমন্বয়কারী, ইউএসএস (USS)।
- কার্তিক চন্দ্র বর্মন — সমন্বয়কারী, আফাদ (AFAD)।
- আনোয়ার ইসলাম — পরিবেশকর্মী।
- জাহাঙ্গীর আলম রানা — বৃক্ষপ্রেমী।
- শোয়েব আলী — প্রতিনিধি, ইএসডিও (ESDO) ও সম্পাদক, উলিপুর উপজেলা জলবায়ু পরিষদ।
জলবায়ু ন্যায্যতার জোর দাবি
সমাবেশে বক্তারা বলেন—
”জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উত্তরঞ্চলের নদীভাঙন ও বন্যাপীড়িত মানুষ প্রতিনিয়ত জীবন-জীবিকার সংকটে পড়ছে। বৈশ্বিক উষ্ণাায়ন ও পরিবেশ বিপর্যয়ের ফলে প্রান্তিক মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পরিবেশ সুরক্ষা, ক্ষতিপূরণ ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের নীতিনির্ধারকদের এখনই জোরালো ও কার্যকর ভূমিকা নিতে হবে।”
সংগঠনের অবদান ও অংশগ্রহণ
কর্মসূচিতে কুড়িগ্রাম সিএসও হাব, চিলমারী, উলিপুর ও কুড়িগ্রাম সদর উপজেলার ‘উইম্যান ইন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক’ (WCAN), ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্ক, উলিপুর জলবায়ু পরিষদ এবং ‘জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন’ (জিহা)-এর কুড়িগ্রাম চ্যাপটারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নারী’ ২০০৬ সাল থেকে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও বহুমুখী পাটপণ্য উৎপাদনের মাধ্যমে প্রান্তিক নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।
