নভেম্বরেই শীতের দাপট: রাজশাহী ও রংপুর বিভাগে তাপমাত্রা ১৬ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শীতকাল।ছবি

মাঝ হেমন্তের বাতাসে এখন শীতের ইঙ্গিত। সকালবেলার কুয়াশা ঘাসে মেলে দেয় সাদা আস্তর। রোদ ওঠে দেরিতে, আর দিন ফুরায় আগেভাগে। উত্তরে হাওয়ার দাপট কিন্তু দেশের উত্তর প্রান্তের জনপদে সেই ‘গা শিন শিন’ করা আশ্বিনের শেষ থেকেই। এখন সেখানে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

আবহাওয়া অফিস বলছে, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা আরও কমবে

সর্বনিম্ন তাপমাত্রা ও উত্তরের দাপট

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, আজ রোববার (৯ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরপরই আছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

  • আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলছিলেন, তাপমাত্রা বেশি কমে গেছে উত্তরের জেলাগুলোতে। সুনির্দিষ্টভাবে বললে, রাজশাহী ও রংপুর বিভাগে।
  • স্টেশনের চিত্র: রাজশাহী ও রংপুর বিভাগের ১২টি স্টেশনের আবহাওয়ার বার্তায় দেখা গেছে, গতকাল তিন স্টেশনে সর্বনিম্ন তাপমাত্রা ২০–এর ঘরে ছিল। বাকিগুলোতে তাপমাত্রা ২০–এর নিচে নেমে গেছে।

রাজধানীর পরিস্থিতি

শীত এখনো পুরোটা নামেনি—সে যেন আসছে ধীরে, নিঃশব্দে। রাজধানীর বাতাসেও তার আগমন টের পাওয়া যায় কিছুটা। দিনের বেলা প্রায় দুই কোটি মানুষের শহরে তাপ অনেকটাই বেশি এখনো। রাতে কিন্তু তা কমে আসে। ফ্যান বা এসি চালিয়ে ঘুমাতে যাওয়া অনেকেরই অভিজ্ঞতা, ভোর রাতে ফ্যানের গতি কমাতে হয়।

তাপমাত্রা কমছে রাজধানীতেও। গতকাল এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। আজ তা আরও কমতে পারে বলে জানিয়েছেন হাফিজুর রহমান। তিনি বলেন, আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রা এভাবে কমতে থাকবে, তারপর আবার বাড়তে পারে কিছুটা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *