পিসিবির বিরুদ্ধে পাল্টা অভিযোগ আইসিসির, পাঠানো হয়েছে মেইল

পাকিস্তান ক্রিকেট দলের একাংশ। ভারত–পাকিস্তান ম্যাচের ছবি।এসিসি
খেলা ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০০
পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানোর বিতর্কে এবার নতুন মোড় এসেছে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেছে আইসিসি। ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থাটি পিসিবির বিরুদ্ধে ‘অশোভন আচরণ’ এবং খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের নির্ধারিত এলাকার (পিএমওএ) একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, এশিয়া কাপের নিয়ম লঙ্ঘনের অভিযোগ জানিয়ে পিসিবিকে একটি ই-মেইল পাঠিয়েছে আইসিসি।
এশিয়া কাপ–সংশ্লিষ্ট একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, “আইসিসির সিইও সঞ্জোগ গুপ্তা পিসিবিকে চিঠি দিয়ে বলেছেন, ম্যাচের দিনে তারা বারবার পিএমওএ-এর নিয়ম ভেঙেছে।” পিসিবি এই ই-মেইল পেয়েছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে।
বিতর্কের মূল কারণ
গত ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচের শুরু ও শেষে সূর্যকুমার যাদবের দল সালমান আগাদের সঙ্গে হাত মেলায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে পিসিবি ম্যাচ রেফারি পাইক্রফটকে দোষারোপ করে তার অপসারণের দাবি জানায় আইসিসির কাছে। আইসিসি সেই দাবি আমলে না নেওয়ার পর ১৭ সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দেয় পিসিবি। এমনকি ম্যাচ শুরুর সময় এক ঘণ্টা পিছিয়েও দেওয়া হয়।
পিটিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, পিসিবির সঙ্গে একমত হয়ে আইসিসি রাজি হয় যে ভারত ম্যাচ-সংক্রান্ত বিষয় মেটাতে পাইক্রফট টসের আগে অধিনায়ক ও ম্যানেজারের সঙ্গে দেখা করবেন।
আইসিসির অভিযোগ
সূত্রটি জানায়, “উদ্দেশ্য ছিল ভারত ম্যাচের টসের সময় যেকোনো ভুল-বোঝাবুঝি বা ভুল যোগাযোগ হয়েছিল, তা দূর করা।” সূত্র আরও জানায়, পিসিবির পক্ষ থেকে এই বৈঠকে তাদের মিডিয়া ম্যানেজার নাঈম গিলানিকে সঙ্গে নিয়ে আসা হয় এবং তার উপস্থিতি নিয়ে জোরাজুরি করা হয়। এ ছাড়াও, পিসিবি ওই মিটিংয়ের ভিডিও করতে চেয়েছিল, যা পিএমওএ-এর নিয়মের আরও একটি বড় লঙ্ঘন। এই ধরনের আচরণকে আইসিসি ‘অশোভন আচরণ’ হিসেবে চিহ্নিত করেছে এবং এর জন্য শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
