মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পুরিয়া গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ।
গতকাল শনিবার (২১ নভেম্বর ২০২৬) সেনবাগ থানা পুলিশের একটি দল উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
অভিযান ও গ্রেপ্তারকৃতদের পরিচয়
পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের দিকনির্দেশনায় এবং সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. লতিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—সেনবাগ উপজেলার ৩ নম্বর ডুমুরুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পদুয়া এলাকার আব্দুর রশিদ স্বর্ণকার বাড়ির মৃত সুরুজ মিয়ার ছেলে জাহিদুল ইসলাম আকাশ (২৭) এবং উপজেলার ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছাতারপাইয়া এলাকার শামসুল হক চেয়ারম্যান বাড়ির মৃত আব্দুল হানিফের ছেলে মো. জসিম (৩৭)।
মামলা ও আদালতে সোপর্দ
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনবাগ থানা পুলিশ।