মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘জেলা প্রশাসক আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) আড়ম্বরপূর্ণ এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।
অতিথিবৃন্দ ও সভাপতিত্ব
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জাতীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৪ সদর) মো: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, জাতীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৫ মুক্তাগাছা) মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো: রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ এবং ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা ও চূড়ান্ত পর্বের ফলাফল
“যুক্তিতে মুক্তি, সত্যের জয়—বিতর্কে গড়ি আগামীর পরিচয়” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার ১৩টি উপজেলা এবং সদর ও সিটি কর্পোরেশন এলাকার মোট ৩২টি দল অংশ নেয়। শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তাশক্তি, সৃজনশীলতা ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার চর্চাকে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়।
চূড়ান্ত পর্বে বিতর্কের বিষয়বস্তু ছিল— “গ্রামকে শহরে রূপান্তর নয়, বরং গ্রামকে স্বাবলম্বী করে গড়ে তোলাই টেকসই উন্নয়নের একমাত্র পথ।” এই বিষয়ের ওপর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (প্রস্তাবের পক্ষে) এবং নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় (প্রস্তাবের বিপক্ষে) অত্যন্ত প্রাণবন্ত ও যুক্তিনির্ভর বিতর্ক উপস্থাপন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনালে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণ
প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলকে ১ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ প্রদান করা হয়। পাশাপাশি প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখা বিতার্কিকদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয়।