নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের সফল অপারেশন সম্পন্ন

​মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা)

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার মালয়েশিয়ার একটি হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাতে তাঁর ফেসবুক আইডির প্রেস উইংয়ের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।

​হাসপাতালে উপস্থিতি ও বর্তমান অবস্থা

​অস্ত্রোপচারকালীন সময়ে তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী তাহমিনা জামান, ছেলে এবং পিএস হায়দার আলীসহ পরিবারের নিকটতম সদস্য ও শুভানুধ্যায়ীরা।

​প্রেস উইং থেকে জানানো হয়, মহান আল্লাহর অশেষ রহমতে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর সফল সার্জারি সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে সুস্থতার পথে রয়েছেন।

​পরিবারের কৃতজ্ঞতা ও দোয়া কামনা

​নেত্রকোনা-৪ আসনের এলাকাবাসীসহ দেশের সর্বস্তরের মানুষ লুৎফুজ্জামান বাবরের দ্রুত আরোগ্য কামনায় যে আন্তরিক দোয়া ও ভালোবাসা জানিয়েছেন, তার জন্য পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করা হয়েছে।

​পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দেশবাসীর এই দোয়া ও শুভকামনাই তাঁর সুস্থতার বড় শক্তি। তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে দেশবাসীর মাঝে ফিরে আসতে পারেন, সে জন্য সকলের কাছে বিশেষ দোয়া কামনা করা হয়েছে।