সুলতান আহম্মদ, মাদারগঞ্জ (জামালপুর)

ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে রাজনৈতিক রোষানলে পড়ে দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতন, হামলা, মামলা ও জেল-জুলুমের শিকার হওয়া এবং বর্তমানেও নিজ পরিবার ও ছেলের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ সুজনের পিতা ইব্রাহিম খলিল।
গতকাল বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেলে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়নের চরনগর মিতালী বাজার সংলগ্ন নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পিতার বক্তব্য
ভারাক্রান্ত হৃদয়ে ও আবেগঘন কণ্ঠে ইব্রাহিম খলিল বলেন, “অত্যंत দুঃখের সাথে জানাচ্ছি, বিএনপি করার কারণে আমার পরিবার বারবার নির্যাতিত হয়েছে। স্বৈরাচারী আওয়ামী সরকারের সময় আমাকে ও আমার ছেলেকে মারধর করে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়।”
তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সময়েও তাঁদের পরিবারের সদস্যদের ওপর নানা ধরনের অত্যাচার, হামলা ও মিথ্যা মামলা অব্যাহত রয়েছে এবং তাঁদের হত্যার চেষ্টা করা হচ্ছে। তাঁর ছেলের প্রতিষ্ঠিত বিএনপির দলীয় কার্যালয় দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হলেও এখনো আসামিদের গ্রেপ্তার করা হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
ছিনতাই ও বিচার দাবি
সংবাদ সম্মেলনে ইব্রাহিম খলিল দাবি করেন, কিছুদিন আগে পূর্বপরিকল্পিতভাবে রাস্তা থেকে গতিরোধ করে তাঁর ছেলের মোটরসাইকেল এবং ১০ লাখ টাকা ছিনিয়ে নেন আওয়ামী কৃষক লীগের নেতা নিজাম উদ্দীন মেম্বার ও তাঁর সহযোগীরা।
পরিবারের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আমরা কবে হামলা-মামলা ও অত্যাচার থেকে নিস্তার পাব? পরিশেষে দেশবাসীর কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের পরিবারের নিরাপত্তা ও ন্যায্য বিচার চাই।”
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।