কুড়িগ্রামে বিজিবির অভিযান: পিস্তল, গুলি ও ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

​মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং ১ কেজি সন্দেহভাজন ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।

​গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাত আড়াইটার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​অভিযান ও মালামাল উদ্ধার

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিজিবির একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সঙ্গে থাকা প্যাকেট ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

​পরবর্তীতে বিজিবি সদস্যরা এলাকাটিতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং এক কেজি সন্দেহজনক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে।

​আইনি ব্যবস্থা ও আনুমানিক মূল্য

​উদ্ধারকৃত পিস্তল, গুলি ও ক্রিস্টাল মেথ আইসের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

​উদ্ধারকৃত মাদকদ্রব্যটি প্রকৃতপক্ষেই ক্রিস্টাল মেথ আইস কি না, তা শতভাগ নিশ্চিত হতে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে নমুনা পাঠানো হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।