সুলতান আহমদ, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার দিকে মাদারগঞ্জ মডেল থানার আয়োজনে থানার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার আলোচনা ও নিরাপত্তা প্রস্তুতি
সভায় পূজামণ্ডপগুলোতে কঠোর নিরাপত্তা জোরদার, সিসি ক্যামেরা স্থাপন, দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মাদারগঞ্জ উপজেলায় এবারের শারদীয় দুর্গাপূজায় মোট ২৮টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ছাড়াও পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি থাকবে। এছাড়া পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা বিশৃঙ্খলা তৈরি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।
অতিথিবৃন্দের বক্তব্য
মাদারগঞ্জ মডেল থানার আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভুঞা। মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায় সভায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—
- মাদারগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ চন্দ্র সরকার
- মাদারগঞ্জ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক দিলিপ কুমার বর্মণ
- সাবেক আহ্বায়ক রাখাল চন্দ্র
সভায় বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং মডেল থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পূজা উদযাপন কমিটির নেতারা নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রশাসন ও পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন।