ফুলবাড়ীতে লাইসেন্সবিহীন মাংস বিক্রি ও মূল্যতালিকা না থাকায় চার ব্যবসায়ীকে জরিমানা
মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় লাইসেন্সবিহীনভাবে মাংস বিক্রি ও নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে চার ব্যবসায়ীকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৫ জুন) উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানা প্রাপ্ত ব্যবসায়ী ও বাজারসমূহ
অভিযানে ফুলবাড়ী বাজারের সোনালী ব্যাংক সংলগ্ন সাইফুর রহমান, নাওডাঙ্গা পুলপাড় এলাকার ইসরাইল মিয়া ও ফজলু মিয়াকে ৫ হাজার টাকা করে এবং বড়ভিটা বাজারের শাহ আলমকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
আইন লঙ্ঘনের বিবরণ
উপজেলা প্রশাসন জানায়, লাইসেন্স ছাড়া মাংস বিক্রি, পশু জবাইয়ের পূর্বে চিকিৎসকের প্রত্যয়ন না নেওয়া এবং দোকানে নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালার আওতায় এ অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকারী ও উপস্থিত কর্মকর্তাবৃন্দ
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার, ভেটেরিনারি সার্জন মওদুদ আহমেদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের নির্দেশনা ও সতর্কবার্তা
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। লাইসেন্সবিহীন ব্যবসা, অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শনে অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ সময় ব্যবসায়ীদের দ্রুত লাইসেন্স সংগ্রহ, স্বাস্থ্যবিধি মেনে মাংস বিক্রি এবং দোকানের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়।
