মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে পবিত্র ঈদুল আযহার আনন্দকে আরও প্রাণবন্ত করতে সামাজিক সংগঠন ‘এমআর ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য ও আকর্ষণীয় “ঈদ আনন্দ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩০ মে ২০২৬) উপজেলার গুনাইগাছ ইউনিয়নের কাঁঠালিপাড়া সরকার বাড়িতে দিনব্যাপী এই আনন্দ উৎসবের আয়োজন করা হয়।
খেলাধুলা ও পুরষ্কার বিতরণী
প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সকাল থেকে শুরু হয় হরেক রকমের ঐতিহ্যবাহী ও বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতা। এতে এলাকার শিশু-কিশোর থেকে শুরু করে সর্বস্তরের তরুণ-তরুণী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দিনভর খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরষ্কার বিতরণ করা হয়।
অবকাঠামো ও গ্রামীণ উন্নয়নের তাগিদ
গুনাইগাছ ইউনিয়নের ইউপি সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোজাহারুল ইসলাম বাবুল-এর সভাপতিত্বে এবং এমআর ফাউন্ডেশনের সভাপতি মাহমুদুল হাসান সুজা-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম মানহা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ প্রকৌশলী আবু যাঈদ হাসনাইন মাসুম। এছাড়া আরও বক্তব্য দেন:
- জিয়াউর রহমান, প্রভাষক, জুম্মাহাট ডিগ্রি ফাজিল মাদ্রাসা।
- মাওলানা মো. শফিকুর রহমান, অধ্যক্ষ, উলিপুর আলিয়া মাদ্রাসা।
- মহিউল ইসলাম পলাশ, প্রতিষ্ঠাতা, এমআর ফাউন্ডেশন।
আলোচনা সভায় বক্তারা উলিপুর ও গুনাইগাছ এলাকার সামগ্রিক উন্নয়ন, বিশেষ করে গ্রামীণ রাস্তাঘাট ও বিভিন্ন সামাজিক অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সাথে তুলে ধরেন। পাশাপাশি করোনাকালীন সময় থেকে শুরু করে যেকোনো দুর্যোগে এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ‘এমআর ফাউন্ডেশন’-এর অনবদ্য অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সম্প্রীতির মেলবন্ধন
দিনব্যাপী এই মিলনমেলায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক সাধারণ দর্শক উপস্থিত ছিলেন। ঈদকে ঘিরে এ ধরনের উৎসবমুখর আয়োজন গ্রামীণ জনপদে শুধু আনন্দের খোরাকই জোগায় না, বরং সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর করে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য বার্তা ছড়িয়ে দেয় বলে উপস্থিত সুধীজন অভিমত ব্যক্ত করেন।
