খালিয়াজুড়িতে ধান কাটা উদ্বোধন করলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুড়িতে উৎসবমুখর পরিবেশে বোরো ধান কাটার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বিলবিলিয়া হাওরে হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটার উদ্বোধন করেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব লুৎফুজ্জামান বাবর

হাওরের কৃষি চিত্র ও প্রস্তুতি

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খালিয়াজুড়ির ৮৯টি হাওরে এ বছর ২০,২৩২ হেক্টর জমিতে ব্রি-২৮, ব্রি-২৯, উপশী ও হাইব্রিড জাতের বোরো ধান আবাদ করা হয়েছে। অতিবৃষ্টির কারণে ২৮৬ হেক্টর জমিতে আংশিক ক্ষতি হলেও সার্বিকভাবে বাম্পার ফলন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান, ধান কাটার জন্য ২০০টি হারভেস্টার মেশিনের প্রয়োজন থাকলেও বর্তমানে ১২৬টি মেশিন কাজ করছে। বাকি মেশিনগুলো দ্রুত সরবরাহের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম জানান, ধান কাটার যন্ত্রের জ্বালানি নিশ্চিত করতে পার্শ্ববর্তী মদন ও ইটনা উপজেলার পাম্পগুলোতে পর্যাপ্ত ডিজেল মজুদ রাখা হয়েছে।

উদ্বোধন ও মতবিনিময় সভা

ধান কাটার উদ্বোধন শেষে লুৎফুজ্জামান বাবর সদর ইউনিয়নের কীর্তনখোলা বাঁধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ পরিদর্শন করেন। এরপর সন্ধ্যা ৬টায় উপজেলা হলরুমে এক বিশাল মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি।

উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান তালুকদার

প্রধান অতিথির বক্তব্য

প্রধান অতিথির বক্তব্যে লুৎফুজ্জামান বাবর বলেন, “এ বছর কৃষকেরা তাদের উৎপাদিত ধানের ন্যায্য মূল্য পাবে ইনশাআল্লাহ। এছাড়া খাল-বিল ও নদী-নালার নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও বলেন, “দুর্নীতি প্রতিরোধ করে আমরা একটি মাদক ও সন্ত্রাসমুক্ত ইনসাফের বাংলাদেশ গড়তে চাই।”

উক্ত সভায় নেত্রকোনা জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী অফিসারসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কৃষক এবং বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *