ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে পেশাগত সিএমএ যোগ্যতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজে শিক্ষার্থীদের পেশাগত ক্যারিয়ার গঠন ও দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর আওতায় পেশাদার হিসাববিদ হওয়ার সুযোগ-সুবিধা তুলে ধরতে এক ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (১৭ আগস্ট) সকালে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর উদ্যোগে এবং আনন্দ মোহন কলেজের সহযোগিতায় কলেজ মিলনায়তনে ‘সাফল্যের এক চমৎকার পথ: পেশাগত সিএমএ (CMA) যোগ্যতা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অতিথিবৃন্দের বক্তব্য
আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. মোশারেফ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিএমএবি (ICMAB)-এর ভাইস প্রেসিডেন্ট এস.এম. জহির উদ্দিন হায়দার FCMA।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনন্দ মোহন কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ. কে. এম. শামসুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে এস.এম. জহির উদ্দিন হায়দার বলেন—
”বর্তমান করপোরেট ও বিশ্বায়ন নির্ভর চাকুরির বাজারে সাধারণ ডিগ্রির পাশাপাশি বিশেষায়িত ও পেশাগত দক্ষতার গুরুত্ব অপরিসীম। সিএমএ ডিগ্রি অর্জনের মাধ্যমে তরুণ শিক্ষার্থীরা দেশ-বিদেশের শীর্ষস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলোতে নেতৃত্বস্থানীয় পদে নিজেদের প্রতিষ্ঠা করার অনন্য সুযোগ পায়।”
মূল বিষয়বস্তু ও রিসোর্স পার্সনদের আলোচনা
সেমিনারে মূল আলোচক (রিসোর্স পার্সন) হিসেবে নিবন্ধ উপস্থাপন ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন:
- ড. মো. মামুনুর রশীদ FCMA — অধ্যাপক ও পরিচালক (একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশন), আইসিএমএবি।
- মোহাম্মদ আরিফ হাসান ACMA — অধ্যাপক, ঢাকা সিটি কলেজ।
আলোচকবৃন্দ সিএমএ কারিকুলাম, ভর্তি প্রক্রিয়া, ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ এবং অর্থনৈতিক খাত পরিচালনায় কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। সেমিনারে কলেজের উচ্চমাধ্যমিক ও সম্মান শ্রেণীর বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে তাঁদের ক্যারিয়ার সংক্রান্ত নানা প্রশ্ন ও আগ্রহ ব্যক্ত করেন।
সঞ্চালনা
পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সফল সঞ্চালনা করেন আনন্দ মোহন কলেজের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত জাহান এবং ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এস. এম. আলমাস হোসাইন।
