বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত; ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে স্থানীয়ভাবে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
দেশ ও জাতির কল্যাণে ঐক্যের ডাক
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মহান মাসের শিক্ষাকে ব্যক্তি ও সামাজিক জীবনে ধারণ করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির মঙ্গলে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইসাথে তিনি দলীয় নেতাকর্মীদের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
বিশেষ দোয়া ও মোনাজাত
ইফতার মাহফিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংশ্লিষ্ট খবর: সহকারী শিক্ষক সমিতির ইফতার মাহফিল ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত
