মাদারগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে দলিল তল্লাশি বন্ধ; ভোগান্তিতে গ্রাহক

আনিছুর রহমান আইয়ুব, জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসে সপ্তাহে পাঁচ দিন দলিল রেজিস্ট্রেশন কার্যক্রম চলায় দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে দলিল তল্লাশি কার্যক্রম। এর ফলে জরুরি প্রয়োজনে দলিলের নকল বা তথ্য সংগ্রহ করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন ভূমি মালিক ও সাধারণ সেবা প্রত্যাশীরা।

ব্যাহত হচ্ছে জরুরি নাগরিক সেবা

ভূমি সংক্রান্ত মামলা-মোকদ্দমা, ব্যাংক ঋণ এবং জমি কেনাবেচার জন্য দলিলের নকল সংগ্রহ করা বাধ্যতামূলক। কিন্তু তল্লাশি কার্যক্রম বন্ধ থাকায় নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাগজপত্র পাচ্ছেন না গ্রাহকরা। ভুক্তভোগী বক্কর মিয়া জানান, প্রায় এক মাস ধরে দলিল তল্লাশি বন্ধ থাকায় তিনি লিজের একটি দলিল তুলতে পারছেন না। আরেক সেবা প্রত্যাশী মমতাজ মিয়া আক্ষেপ করে বলেন, “মামলার প্রয়োজনে দলিল দরকার, কিন্তু অফিসে এসে দেখি তালাশি বন্ধ। সরকারি অফিসে এসে কেন আমাদের হয়রানি হতে হবে?”

হয়রানি ও দালাল চক্রের দৌরাত্ম্য

অভিযোগ উঠেছে, নিয়মিত সেবা না পাওয়ায় দালাল চক্রের দৌরাত্ম্য বেড়েছে। সাধারণ মানুষ দলিলের জন্য কয়েকবার আসা-যাওয়া করতে গিয়ে আর্থিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের এক কর্মকর্তা জানান, সপ্তাহে পাঁচ দিনই রেজিস্ট্রেশন কাজ চলায় অতিরিক্ত চাপে তল্লাশি কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রশাসনের বক্তব্য

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য মাদারগঞ্জ সাব-রেজিস্ট্রার অফিসের কর্মকর্তার ব্যক্তিগত মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “বিষয়টি সম্পর্কে আমি আগে অবগত ছিলাম না। দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে যেন সেবাগ্রহীতারা কোনো হয়রানি ছাড়াই তাদের কাঙ্ক্ষিত সেবা পান।”

দ্রুত এই সংকট সমাধান করে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন মাদারগঞ্জের সচেতন মহল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *