সেনবাগে চাঁদার দাবিতে মাটি ব্যবসায়ীদের ওপর হামলা, আহত ৬
মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে চাঁদার দাবিতে মাটি ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া মজুমদার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আহতদের পরিচয় ও চিকিৎসা
হামলায় গুরুতর আহতরা হলেন— মোহাম্মদ কিরণ (৩৯), মো. শাকিল (২৮), মোহাম্মদ ইসমাইল (৩৬), মো. সোহাগ (৩৮) ও মোহাম্মদ ইসমাইল মিয়া (৩৬)। আহতদের প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় রাতে তাদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার বিবরণ ও মামলার সূত্র
স্থানীয় সূত্র ও মামলার এজাহার অনুযায়ী, ছাতারপাইয়া গ্রামের মজুমদার পাড়া এলাকার আবু তাহেরের ছেলে মোহাম্মদ কিরণ দীর্ঘদিন ধরে মাটির ব্যবসা করে আসছেন। একই এলাকার মো. আলমের ছেলে ইউসুফ তাঁর কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিলেন। শনিবার সকালে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ইউসুফ ২৪/২৫ জন সহযোগী নিয়ে কিরণ ও তাঁর লোকজনের ওপর অতর্কিতে সন্ত্রাসী হামলা চালায়।
আইনি ব্যবস্থা
এই হামলার ঘটনায় আহত মাটি ব্যবসায়ী কিরণ বাদী হয়ে শনিবার রাতে সেনবাগ থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। এতে ইউসুফসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, “মাটি ব্যবসায়ীদের ওপর হামলার খবর আমরা পেয়েছি এবং এ বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”
