মুখোশের আড়ালে মানুষ নাকি মানুষের আড়ালে মুখোশঃ সার্ভেয়ারের মন্তব্য জেলা, বিভাগীয় তথা আইনেরও উর্ধ্বে?

নিজস্ব প্রতিবেদক

১৭ বছর নীভে থাকা আশার প্রদীপে তেলটুকু দিতে পারেনি যারা, ফ্যাসিস্টের পতনের পর তারা বুকভরা আশা নিয়ে এই সরকারকে এত বড় জয় এনে দিল! তারা ভেবেছিল অন্তত এবার একটু বিশ্বাস ও ন্যায়বিচার নিয়ে বাঁচতে পারবে। তারা আজ কী পেল?
আশার প্রদীপ তো দূরে থাক, উল্টো নিভিয়ে দেওয়া হলো টিকে থাকার শেষ আলোটুকু।


ময়মনসিংহ সদরের বলাশপুর মৌজার পৈতৃক ও ক্রয়সূত্রে প্রাপ্ত বৈধ জমিতে নগর কর্তৃপক্ষের অনুমোদিত নকশায় মো. আহসান হাবীব চৌধুরীর তিনতলা একটি ভবন ছিল (এল.এ. কেস নং- ০৩/২০২২-২০২৩)। কিন্তু প্রশাসন মানেই কি এখানে এক সর্বেসর্বা ‘সার্ভেয়ার স্যার’? সার্ভেয়ারকে ১ লাখ টাকা ঘুষ না দেওয়ায় সেই অঘোষিত ‘সার্ভেয়ার স্যার’ ও গণপূর্ত বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তা ৮ ধারার নোটিশে কেবল সামান্য কিছু জমির পরিমাণ (০.০০৩৫ একর) উল্লেখ করে রোয়েদাদ তৈরি করল, অথচ মূল তিনতলা ভবনের অবকাঠামোর কোনো বিলই যুক্ত করল না।


এরপর যখন পুনঃতদন্তের জন্য আবেদন করা হলো, তখন শুরু হলো আরেক প্রহসন। পুরো তিনতলা ভবনের হিসাব সম্পূর্ণ বাদ দিয়ে কেবল আংশিক অবকাঠামো দেখিয়ে ৪৭ লাখ টাকার বিলের জায়গায় মাত্র ৪ লাখ ৫০ হাজার টাকা বিল প্রস্তাব করা হলো। সম্পত্তির প্রকৃত মূল্যের দশ ভাগের এক ভাগও জুটল না ভুক্তভোগীর কপালে।


সঠিক বিলের আশায় ডিসি অফিস, এডিসি অফিস, এলএও অফিস থেকে গণপূর্ত—কার কাছে যায়নি! এলএও বললেন এডিসির কাছে যেতে, এডিসি বললেন ডিসির কাছে যেতে, ডিসি পাঠালেন গণপূর্তে, আর গণপূর্ত দেখিয়ে দিল পিডির পথ। কিন্তু সবচেয়ে বড় এবং দহনজ্বালা জাগানো প্রশ্ন হলো—এই সার্ভেয়ার স্যারের ইশারায় ও অনুগত হয়ে এই জেলার শীর্ষ কর্মকর্তাগণ এবং ব্রিজের পিডি সাহেব আসলে কী করলেন? একজন সাধারণ সার্ভেয়ারের এই নগ্ন জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার যখন প্রশাসনের সর্বোচ্চ টেবিলে পৌঁছাল, তখন ওই বড় কর্তারা কি দেখতে পাননি এই অন্যায়? সংশোধন করা সম্ভব ছিল না? নাকি এই জেলা প্রশাসনের শীর্ষ কর্তা থেকে শুরু করে ব্রিজের পিডি পর্যন্ত সবাই ওই ‘সার্ভেয়ার স্যারের’ সিন্ডিকেটের কাছে সম্পূর্ণ অনুগত ও পরাধীন? সার্ভেয়ারের এই অবৈধ ও হঠকারী কৃতকর্মকে সংশোধন না করে উল্টো তাকে রক্ষা করার এই মহোৎসব প্রমাণ করে, এই বড় কর্মকর্তারাই আসলে মুখোশের আড়ালে থাকা সেই মূল চালিকাশক্তি!


এভাবেই এক দপ্তর থেকে আরেক দপ্তরে ঘুরতে ঘুরতেই কোনো প্রকার ন্যায্য বিল বা ক্ষতিপূরণ পরিশোধ না করে স্টিল আর্চ ব্রিজ প্রকল্পের পিডি হেড দেখিয়ে তিল তিল করে গড়া তিনতলা ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো।
আজ চোখের জলে ভাসছেন আহসান হাবীব চৌধুরী। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু কেড়ে নেওয়া হলো, সহায়-সম্বল শেষ হয়ে গেল আর তার কানাকড়িরও মূল্যায়ন মিলল না। এই ঘটনার পেছনে জড়িত সেই সর্বেসর্বা সার্ভেয়ার থেকে শুরু করে জেলার শীর্ষ কর্মকর্তা ও পিডির মতো মুখোশধারী অসাধু চক্রের বিরুদ্ধে কি তদন্ত সাপেক্ষে কোনো কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে না? নাকি সাধারণ মানুষের এই কান্না মোছাও দায়িত্বের বহির্ভূত?


সাংবাদিকরা শুধু কলাম লিখবেন, আর মানুষ ফেসবুকে তা দেখে লাইক-কমেন্টস করে দীর্ঘশ্বাস ফেলবে—এটুকুই কি বিচার ব্যবস্থা? আজ এই জবাব রাষ্ট্রকেই দিতে হবে।

Leave a Comment