নোয়াখালী জামায়াতের আমীর ইসহাক খন্দকারের শপথ গ্রহণ; সরকার পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এটিএম মাসুমের

​মোহাম্মদ উল্যা, নোয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন, বর্তমান সরকার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। চাঁদাবাজি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব এবং গুম-খুন-ধর্ষণসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে।

আজ শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন ও ২০২৭-২০২৮ সেশনের নবনির্বাচিত জেলা আমীরের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​নবনির্বাচিত আমীরের শপথ ও শূরা নির্বাচন

​সম্মেলনে ২০২৭-২০২৮ সেশনের জন্য কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ইসহাক খন্দকারকে পুনরায় নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর হিসেবে নির্বাচিত করা হয়। পরে প্রধান অতিথি মাওলানা এটিএম মাসুম তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত জেলা আমীর ইসহাক খন্দকার স্বাগত বক্তব্য রাখেন এবং পরবর্তীতে ২০২৭-২০২৮ সেশনের জেলা শূরা নির্বাচন অনুষ্ঠিত হয়।

​সরকারের সমালোচনা ও আন্দোলনের হুঁশিয়ারি

​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এটিএম মাসুম অভিযোগ করেন, দেশে চাঁদাবাজি ব্যাপক হারে বেড়েছে এবং বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে এবং জনগণের মৌলিক চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে।

​তিনি আরও দাবি করেন, শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রেও সরকার ব্যর্থ। পতিত আওয়ামী লীগের সঙ্গে সরকারি দলের একটি অংশের আঁতাত রয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিভিন্ন মামলার আসামিরা জামিনে বের হয়ে পুনরায় অপরাধে জড়িয়ে পড়ছে এবং সংসদে বিরোধী দলের বক্তব্য উপস্থাপনের সুযোগ সীমিত করায় বিরোধী দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে। জুলাইয়ের আন্দোলন-সংগ্রামের সঙ্গে সম্পৃক্তরা চুপ করে বসে থাকবে না উল্লেখ করে প্রয়োজনে দ্বিগুণ শক্তিতে প্রতিরোধ গড়ে তোলার এবং জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

​সভাপতিত্ব ও অতিথিবৃন্দ

​নবনির্বাচিত জেলা আমীর ইসহাক খন্দকারের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-নোয়াখালী অঞ্চল টিমের সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। এ সময় তিনি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন এবং নবনির্বাচিত দায়িত্বশীলদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদসহ নোয়াখালী জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, রোকন ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Comment