মোঃ মমিনুল ইসলাম মানিক, ময়মনসিংহ

ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরসহ জেলার সকল উপজেলায় একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর ২০২৬) ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হয়।
নগরীতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক প্রচারণা
কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর পণ্ডিতপাড়া এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) উম্মে হাবীবা মীরা এবং ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ
অভিযান চলাকালে মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ ও সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রমে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
প্রশাসনের আহ্বান
ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন সংশ্লিষ্টরা। জনস্বাস্থ্য সুরক্ষা ও একটি পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তুলতে জেলা প্রশাসনের এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।