৯ বছরেও জমি রেজিস্ট্রি হয়নি, মানবেতর জীবনযাপন দুই ভাইয়ের
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা।

ফাইল ছবি।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চর পুবাইল গ্রামের দুই ভাই মোস্তাদুল হক ও মোজাম্মেল হক দীর্ঘ ৯ বছর ধরে নিজেদের বৈধভাবে ক্রয়কৃত জমির মালিকানা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
জানা যায়, ২০১৫ সালের নভেম্বর মাসে তাঁরা ৩ লাখ ৬৭ হাজার টাকা মূল্যে চর পুবাইল মৌজায় অবস্থিত ১৫ শতক জমি মস্তোফা কামাল-এর (পিতা: মৃত নুর হোসেন) কাছ থেকে ক্রয় করেন। কিন্তু ক্রয়ের দীর্ঘ সময় পার হলেও আজও বিক্রেতা তাঁদের নামে উক্ত জমি রেজিস্ট্রি করে দেননি।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ
ভুক্তভোগী দুই ভাই অভিযোগ করে বলেন, “আমরা আমাদের পূর্বের বাড়িটি বিক্রি করে এবং সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে এই জমি কিনেছি। সামান্য কাঁচামালের ব্যবসা করে কোনোমতে সংসার চলে। অথচ ক্রেতা হয়েও আজও আমরা জমির মালিকানা পাইনি।” তাঁরা জানান, বিক্রেতা নানা অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের হয়রানি করছেন।
জমিটি রেজিস্ট্রি না হওয়ায় তাঁদের পরিবার চরম অসহায় হয়ে পড়েছে। হতাশ হয়ে তাঁরা বলেছেন, “জমি না পেলে সপরিবারে আত্মহত্যা ছাড়া আর কোনো পথ থাকবে না।”
অভিযুক্তের বক্তব্য
এ বিষয়ে অভিযুক্ত মস্তোফা কামাল বলেন, জমি বিক্রির পর দাগ নাম্বারে ত্রুটি ধরা পড়ে। এটি সংশোধন না হওয়ায় জমিটি রেজিস্ট্রি করে দিতে পারেননি।
প্রশাসনের হস্তক্ষেপ কামনা
ভুক্তভোগী পরিবারটি সংবাদমাধ্যমের মাধ্যমে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করে তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এলাকাবাসীও এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
