তুচ্ছ ঘটনায় নাতির দায়ের কোপে দাদির মৃত্যু, আটক তিন
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা।

ছবি সংগৃহীত।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাতির দায়ের কোপে দাদির মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নারী রওশন আরা বেগম (৫০)।
যেভাবে ঘটনা ঘটল
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রওশন আরা বেগমের গৃহপালিত একটি মুরগি প্রতিবেশী নাতি সাখাওয়াত হোসেনের (২১) বাড়িতে চলে যায়। মুরগি আনতে রওশন আরা বেগম সাখাওয়াতের বাড়িতে গেলে মুরগি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে সাখাওয়াত হোসেন তাঁর দাদি রওশন আরা বেগমের ঘাড়ে দা দিয়ে কোপ দেয়। গুরুতর আহত রওশন আরা বেগমকে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রওশন আরা বেগমের পুত্রবধূ হাফসা আক্তার বলেন, “তাদের বাড়িতে কেন মুরগি গেল?—এ নিয়ে সাখাওয়াত হোসেন ও তার বাবা মোস্তফা আমার শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। আমরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
পুলিশের পদক্ষেপ
এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত নাতি সাখাওয়াত হোসেন, তাঁর বাবা মোস্তফা (৪৮) এবং ভাই সাজ্জাদ হোসেনকে (২৪) আটক করেছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান নিশ্চিত করেছেন যে:
- মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
- অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।
- ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের আলামত হিসেবে রক্তেমাখা বটি ও লাঠি জব্দ করা হয়েছে।
- এছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
