সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার কার্যক্রম স্থগিত; মানবিক উদ্যোগে রাজনীতির ছায়া ও হামলাচেষ্টার অভিযোগ

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগে দীর্ঘদিন ধরে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসা ‘সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থা’ তাদের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংগঠনের প্রধান সমন্বয়ক মহিন উদ্দিন গত ১০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে এই ঘোষণা দেন। মূলত সম্প্রতি একটি ত্রাণ বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্ক ও হেনস্তার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত ও রাজনৈতিক বিতর্ক

জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে প্রায় এক হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক। তবে অনুষ্ঠান পরবর্তী সময়ে সংগঠনের প্রধান সমন্বয়ক মহিন উদ্দিনের অতীত রাজনৈতিক ভূমিকা এবং কার্ড বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

হামলাচেষ্টা ও হেনস্তার অভিযোগ

বিতর্কের একপর্যায়ে এমপি জয়নুল আবেদীন ফারুক সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেন। অন্যদিকে, প্রধান সমন্বয়ক মহিন উদ্দিন দাবি করেন, কর্মসূচির দিন দিবাগত রাতে তাঁর বাসা ও অফিসে হামলার চেষ্টা চালানো হয়েছে এবং তাঁকে বিভিন্নভাবে হেনস্তা ও হুমকি দেওয়া হচ্ছে। এই উদ্ভূত পরিস্থিতির মুখে তিনি সৌদি আরব চলে যান এবং সেখান থেকেই লাইভে এসে সংগঠনের সকল কার্যক্রম স্থগিতের ঘোষণা দেন।

সংকটে অসহায় মানুষ ও সচেতন মহলের প্রতিক্রিয়া

সংগঠনটি দীর্ঘদিন ধরে সেনবাগের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তা ও খাদ্য সহায়তাসহ বিভিন্ন কাজ করে আসছিল। হঠাৎ এই কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।

সচেতন মহলের মতে, মানবিক কাজকে ঘিরে যখন ব্যক্তিগত দ্বন্দ্ব বা রাজনৈতিক তকমা জড়িয়ে যায়, তখন সমাজের কল্যাণ বাধাগ্রস্ত হয়। স্বেচ্ছাসেবীদের নিরুৎসাহিত না করে বরং সহযোগিতা ও উৎসাহ দেওয়া উচিত। ব্যক্তিগত আক্রমণ ও বিভাজনের রাজনীতি সামাজিক সংগঠনগুলোকে দুর্বল করে দেয়, যা একটি সুস্থ সমাজের জন্য কাম্য নয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *