স্টাফ রিপোর্টার

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করতে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করেছে প্রশাসন। এখন থেকে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশ করতে হলে বাধ্যতামূলকভাবে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ স্থান ও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা। এখানে প্রধান বিচারপতিসহ উভয় বিভাগের বিচারপতিরা বিচারকার্য পরিচালনা করে থাকেন। ফলে বিচারপতি ও মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সম্প্রতি লক্ষ্য করা গেছে যে, রাতের বেলা সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ও অননুমোদিত ব্যক্তিদের আনাগোনা বাড়ছে, যা সার্বিক নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করছে। এই পরিস্থিতি এড়াতে রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে আদালত এলাকায় প্রবেশের ক্ষেত্রে পরিচয়পত্র বহনের নির্দেশনা দেওয়া হয়েছে।
জরুরি প্রবেশে মানদণ্ড
নির্ধারিত ওই সময়ে যদি কোনো জরুরি প্রয়োজনে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে হয়, তবে দায়িত্বে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তাকর্মীদের কাছে আবশ্যিকভাবে জাতীয় পরিচয়পত্র (NID) কিংবা অফিশিয়াল পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। সর্বোচ্চ আদালতের এই নিরাপত্তা নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।