খালিয়াজুরীতে শিক্ষকের রহস্যজনক মৃত্যুর তথ্য উদ্ঘাটন ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা)

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অদ্বৈত সরকারের (৫৫) রহস্যজনক মৃত্যুর তথ্য উদ্ঘাটন ও বিচার দাবিতে ২৪ নভেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

খালিয়াজুরী উপজেলার শিক্ষা পরিবারের আয়োজনে প্রধান শিক্ষক প্রাণতোষ সামন্তের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হিমাংশু সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী মোল্লা, জিয়া উদ্দিন জিয়া ও স্থানীয় সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের প্রতিনিধি জহির আহমেদ জিকু।

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হুমায়ুন কবীর চৌধুরী, ইন্দ্রজিৎ বর্মন, সাজেদুল হক স্বপন, মো. বদরুজ্জামান এবং সহকারী শিক্ষক আজিজুল হক।

এ সময় প্রধান শিক্ষক দেবল চন্দ্র সরকার, তপন কান্তি সরকার, মলয় কান্তি বিশ্বাস, বিজন চন্দ্র বিশ্বাস, জহরলাল দেব রায়, মো. আনিছুর রহমান; সহকারী শিক্ষক মোহাম্মদ আজহার মাহমুদ, শিখা রাণী তালুকদার, দ্বিজেন কুমার সরকারসহ প্রায় শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৭ নভেম্বর ২০২৬ তারিখ মঙ্গলবার দিবাগত রাত থেকে অদ্বৈত সরকার নিখোঁজ হন। এর দুই দিন পর ১৯ নভেম্বর ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকালে নগর ইউনিয়নের সুরমা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে নেত্রকোনা মর্গে নিয়ে যায়। তার এই রহস্যজনক মৃত্যুর সঠিক তথ্য উদ্ঘাটন করে দ্রুত বিচারের দাবি জানানো হয়।

সভাপতি হিমাংশু সরকার বলেন, “একজন শিক্ষকের এমন মৃত্যু খুবই দুঃখজনক। আমরা তার রহস্যজনক মৃত্যুর সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি এ ঘটনার সাথে যারা জড়িত, তাদের বিচার দাবি করছি এবং এমনভাবে আর যেন কোনো শিক্ষকের মৃত্যু না হয়, সৃষ্টিকর্তার নিকট সেই প্রার্থনা করছি।” পরিশেষে মানববন্ধনে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন