সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার, তবে অবস্থান চলবে

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেছিলেনছবি:
নিজস্ব প্রতিবেদক
ঢাকা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১
রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে তাঁদের অবস্থান কর্মসূচি এখনো চলমান। অবরোধ প্রত্যাহারের পর সাতরাস্তা মোড় দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
চার দফা দাবিতে আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে সংশ্লিষ্ট সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী ও চালক। প্রায় তিন ঘণ্টা পর, বেলা দুইটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’ ব্যানারের আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, তাঁরা আপাতত সড়ক অবরোধ প্রত্যাহার করলেও তাঁদের অবস্থান কর্মসূচি চলবে। সড়কের ফাঁকা অংশ দিয়ে যান চলাচল অব্যাহত থাকবে। আরও পড়ুন:https://tinyurl.com/4tsa5pjb
আন্দোলনরত শিক্ষার্থীদের চার দফা দাবি হলো:
- প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
- বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা।
- কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা।
- ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।
এ বিষয়ে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর সভাপতি মো. মাশফিক ইসলাম জানান, তাঁদের এই আন্দোলনে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ চারটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরাও সংহতি প্রকাশ করেছেন।
