শিশু রামিসা হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

মোহাম্মদ উল্যা, নোয়াখালী জেলা প্রতিনিধি

দেশজুড়ে নারী নির্যাতন, ধর্ষণ ও শিশু হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রাজধানীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়ীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকালে সোনাইমুড়ী তা’মিরুল উম্মাহ দাখিল মাদ্রাসার উদ্যোগে পৌর শহরের বাইপাস সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

বিচার দীর্ঘায়িত হওয়া নিয়ে বক্তাদের ক্ষোভ

কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ র‍্যালি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, সোনাইমুড়ী তা’মিরুল উম্মাহ দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহিম খলিল, পরিচালক মাসুদ আলম এবং সহকারী মুহতামিম জাকারিয়া শিহাব।

বক্তারা বলেন, শিশু রামিসার ওপর সংঘটিত নির্মমতা পুরো সমাজ ও মানবতার জন্য গভীর বেদনার বিষয়। দেশে নারী ও শিশু নির্যাতনের বহু ঘটনায় বিচারিক প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ায় অপরাধীরা আইনের ফাঁক গলে পার পেয়ে যাচ্ছে, যার ফলে অপরাধপ্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে।

দ্রুত তদন্ত ও সামাজিক প্রতিরোধের আহ্বান

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানায়, বিচার বিলম্বিত হলে ভুক্তভোগী পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে এবং সমাজে নেতিবাচক বার্তা যায়। তারা রামিসা হত্যার দ্রুত বিচার, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিশু সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানায়। শিক্ষক ও শিক্ষার্থীরা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ সমাজ গঠনে পরিবার, প্রশাসন ও সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানান।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *